ডেস্ক রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এমাজউদ্দীন আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট ১৫১ আসন না পেলে ক্ষমতার বাইরে থাকবে দলটি। তখন তাদের নেতা হওয়ার সম্ভাবনা আছে খন্দকার মোশাররফ হোসেন কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল মঙ্গলবার প্রথম আলোর সাথে আলাপকালে তিনি একথা বলেন। তবে সিনিয়রের দিক থেকে ড. মোশাররফ হোসেনকেই এগিয়ে রাখছেন এমাজউদ্দীন।
গ্রেপ্তার-হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, সংলাপের সময় শেখ হাসিনা বলেছিলেন, এখন থেকে আর গ্রেপ্তার হবে না। তা হয়নি। কিন্তু যেকোনো পরিস্থিতি হোক, বিএনপি মাঠ ছাড়বে না। দুটি কারণে তাদের নির্বাচনী মাঠে থাকতে হবে। হয় তারা জয়লাভ করবে, নাহয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবে।
এমাজউদ্দীন বলেন, একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে বিএনপির কমপক্ষে ৫০ থেকে ৬০টি আসন পাওয়া দরকার। এর থেকে কম হলে কিন্তু সংসদে থাকা যাবে না। ওখান থেকে বিদায় নিয়ে যেতে হবে।
ক্ষমতায় আসলে বিএনপির প্রধানমন্ত্রী প্রসঙ্গে ঢাবির এই শিক্ষক বলছেন, বিএনপির হাতে যদি ১৫১টি আসন আসে, তাহলে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নিয়ে আত্মপ্রকাশ করবেন। আমরা তাকে বের করে আনতে সক্ষম হব।
তিনি বলেন, ড. কামাল হোসেনকে নিয়ে কিছু মশকরা করা হচ্ছে। কিন্তু স্মরণ রাখতে হবে, তিনি কখনোই বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন না, বিএনপির রাজনীতিতে তিনি এখনো নেই। তিনি কেন প্রধানমন্ত্রী হতে আসবেন?