কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ফেরি থেকে পড়ে বাবুল চৌধুরী (৩৫) নামে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ মে) দুপুরে উপজেলার বালিখলা ফেরি ঘাটে এ ঘটনা ঘটে। নিহত বাবুল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ গ্রামের ময়না চৌধুরীর ছেলে। তিনি সওজ কিশোরগঞ্জ বিভাগের কর্মী ছিলেন জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিখলা ঘাটে ফেরিতে কাজ করতেন বাবুল। শনিবার দুপুরে ফেরিতে কাজ করার সময় লোহার পাইপের সঙ্গে ধাক্কা লেগে ফেরি থেকে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।