আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার বিকালে ৪টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেলে পৌঁছে ডি ব্লকের দোতলায় কার্ডিওলজি বিভাগে যান রাষ্ট্রপতি। সেখানে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন হৃদরোগে আক্রান্ত কাদের।
রাষ্ট্রপতির কয়েক মিনিট পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীও হাসপাতালে পৌঁছান। তার মিনিট দশেক আগে কাদেরকে দেখে হাসপাতাল ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিকিৎসকরা বলছেন, ওবায়দুল কাদেরের তিনটি রক্তনালীতে ব্লক ধরা পড়েছে, যার একটি তারা অপসারণ করেছেন। কিন্তু জীবনশঙ্কা থাকায় কৃত্রিমভাবে তার শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চললেও এই শারীরিক অবস্থায় তা সম্ভব হবে কি না- সে বিষয়ে নিশ্চিত নন চিকিৎসকরা।




















