শামছুল আলম শাহীন :
বনানীর অগ্নিবীর সোহেল রানার মরদেহ ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কেরুয়ালা গ্রামের বাড়িতে গতকাল বিকালে নিয়ে যাওয়া হয়। নিজের জীবন দিয়ে অন্যদের জীবন বাঁচানো মানুষটিকে শেষ বিদায়ের সময় একনজর দেখতে সকাল থেকেই বাড়িতে ঢল নামে শোকাহত হাজারো মানুষের। বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ শোকাহত জনতার ঢল।

দীর্ঘ প্রতীক্ষা শেষে বিকাল ৫টায় একটি অ্যাম্বুলেন্সে করে সোহেল রানার মরদেহ পৌঁছায় কেরুয়ালা গ্রামের বাড়িতে। অ্যাম্বুলেন্স থেকে নিথর দেহে কফিনবন্দী সোহেলকে বাড়ির আঙিনায় নিয়ে রাখার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সোহেলের মা, বাবা, ভাইবোন ও স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।
বিকাল ৫টা ৩৫ মিনিটে সোহেল রানার মরদেহ নিয়ে যাওয়া হয় চৌগাংগা পুরান বাজার সিনিয়র ফাজিল মাদরাসা সংলগ্ন খোলা মাঠে। সেখানে ৫টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হয় সোহেলের দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা।
জানাজার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা সশ্রদ্ধ অভিবাদন জানান তাদের অগ্নিবীরকে। সোহেল রানার জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাচা রতন মিয়া।
জানাজায় কিশোরেগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. দুলাল মিয়া, ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে সন্ধ্যা ৬টায় বাড়ির আঙিনায় লাগানো শিমুল গাছের নিচে খনন করা কবরে সমাহিত করা হয়। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনদানকারী এই ‘রিয়েল হিরোকে’।

জানাজায় অংশ নেয়ার আগে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, সোহেল রানা একজন বীর। তিনি বনানী এফআর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেককে বাঁচিয়েছেন। কিন্তু তিনি জীবন দিয়ে প্রমাণ করে গেলেন যে, কর্তব্যের কাছে তিনি কত বড়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সোহেল রানার পরিবারকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। পরবর্তিতে সরকারি তরফ থেকে সাহায্য-সহযোগিতা করা হবে।
পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, সোহেল রানা মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে জাতীয় বীরের পরিচয় দিয়েছেন। এই জন্য আমি বাংলাদেশ পুলিশ ও কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে স্যালুট জানাই।
ফায়ার সার্ভিস সদরদপ্তরে সোহেল রানার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সকালে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানাকে সম্মান জানানো হয়। বিউগলের সুর বাজিয়ে ফায়ার সার্ভিসের পতাকায় মোড়ানো সোহেল রানার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন ফায়ার সার্ভিসের চৌকস দল।