কিশোরগঞ্জের করিমগঞ্জে নরসুন্দা নদীর গতিপথ দখল করে বাগানবাড়ি তৈরির অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তি দেশের এক বিখ্যাত জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার কায়কুরদিয়ায় নদী দখল করে বাগানবাড়ি নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে। মানববন্ধনে অংশ নেয় পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) লোকজনসহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা মঞ্চের সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, সদস্য কবিরুল ইসলাম গোলাপ, করিমগঞ্জ উপজেলার কমিটির সমন্বায়ক তানভীর হাসানসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, ইজমা শুভা জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া নরসুন্দা নদী দখল ও ভরাট করে বাগানবাড়ি নির্মাণ করেছেন। এতে করে নরসুন্দা নদীর গতিপথ বন্ধ হয়েছে পড়েছে। এছাড়াও দুটি খাল ভরাট করে পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে।
প্রভাবশালী মঞ্জু মিয়াসহ দখলদারদের কবল থেকে নরসুন্দা নদী এবং খালের জায়গা উদ্ধার করে পানি প্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।