স্টাফ রিপোর্টার:
প্রবল বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বৈরী আহাওয়ার কারণে নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর সকাল ১০টা ২৫ মিনিটে শুরু হওয়া ঈদুল ফিতরের ১৯২তম জামাতে ইমামতি করেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

২০১৬ সালে জঙ্গি হামলা এবং সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের লক্ষে নেয়া হয় চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো মাঠ ও আশপাশের এলাকা ছিল সিসি ক্যামরার নজরদারিতে। পাঁচ প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার সদস্যের সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয়ের পাশাপাশি মাঠে সাদা পোষাকে নজরদারি করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। নামাজ শুরুর আগে পুরো মাঠ কয়েক দফায় তল্লাশি করা হয়। শহরের অলিগলিতে বসানো হয় নিরাপত্তা চৌকি।
ঈদের দিন শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে চলাচল করেছে ২টি স্পেশাল ট্রেন। একটি ট্রেন ভৈরব থেকে সকাল ৬টায় ছেড়ে আসে এবং অন্যটি ময়মনসিংহ থেকে সকাল পৌনে ৬টায় ছেড়ে আসে।
গত রাত থেকেই গুড়ি শুরু হওয়া বৃষ্টি অব্যাহত থাকে জামাত অনুষ্ঠান পর্যন্ত। কিন্তু বৃষ্টিকে উপক্ষো করে ভোর থেকেই হাজার হাজার মুসুল্লীর পদচারণায় মুখর হয়ে উঠে ঈদগাহমুখী সকল সড়ক। সকাল নয়টার আগেই কানায় কানায় ভরে যায় শোলাকিয়া মাঠ। মাঠে স্থান না পেয়ে বহু মুসুল্লীকে মাঠের আশপাশের রাস্তাগুলোতে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায়। রেওয়াজ অনুযায়ী, জামাত শুরুর আগে শর্টগানের ৬টি ফাঁকা গুলি ছোড়া হবে। জামাত শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি এবং ১ মিনিট আগে ১টি গুলি ছুড়ে নামাজের জন্য মুসল্লীদের সঙ্কেত দেয়া হয়।
জনশ্রতি আছে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি এক সাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।