কিশোরগঞ্জের বাজিতপুরের পিরোজপুর বাজারে ক্যাবল ব্যবসা দখলে নিতে মরিয়া একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র। এই চক্রের হামলায় আহত হয়েছেন ক্যাবল মালিক ও সাংবাদিক রুনা আক্তার রূপাসহ ৩জন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। সাংবাদিক রুনা এবং তার ভাই আবদুল কাদির গুরুতর আহত হওয়ায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, রুনার অবস্থা আশংকাজনক বলে জানা যায়। এ ঘটনায় বাজিতপুর থানায় একটি মামলা হয়েছে । মামলা নং-১২ তারিখ-১৩/০৪/২০২৫ইং ।
মামলার এজাহার থেকে জানা যায়, জয়নগর এলাকার বাসিন্দা সাংবাদিক রুনা আক্তার রূপা ‘মনপুরা ক্যাবল নেটওয়ার্ক’ এর স্বত্বাধিকারী। তিনি প্রায় ১০ বছর ধরে পিরোজপুর বাজারে সুনামের সাথে ডিশ ও ওয়াইফাই ব্যবসা পরিচালনা করে আসতেছেন। কিন্তু বেশকিছুদিন ধরে একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র এই নারী উদ্যোক্তার ক্যাবল ব্যবসা দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। চক্রের সদস্যরা প্রায় সময় প্রকাশ্যে ও গোপনে ডিশ ও ওয়াইফাই সংযোগের তার কেটে নিয়ে যায়। সাংবাদিক রুনা এসব কর্মকান্ডের প্রতিবাদ করলে চক্রের কয়েকজন প্রভাবশালী সদস্য তাকে অপূরণীয় ক্ষতি করবে বলে হুমকী দেয়।
এই ঘটনায় তিনি ৭/০৪/২৫ ইং তারিখে বাজিতপুর থানায় লিখিত অভিযোগ প্রদান করেন। এতে প্রতিপক্ষ আরো ক্ষিপ্ত হয়ে সুপরিকল্পিতভাবে এই নৃশংস হামলা চালায়। হামলায় আহত অন্য ২ জন হলেন রুনা আক্তারের ছোট ভাই আব্দুল কাদির এবং স্বামী সাংবাদিক নূরুল কবির।
স্থানীয়রা জানায়, সাংবাদিক রুনা আক্তার রূপার ক্যাবল ব্যবসা নিয়ে হামলাকারীদের সাথে কিছুদিন ধরে বিরোধ চলে আসতেছে। বিরোধের জের ধরে ঘটনার দিন সকাল ৮ টা থেকে পিরোজপুর বাজারস্থ রুনার ক্যাবল অফিসের সামনে কিরিচ, লাঠিসোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র হাতে হামলাকারীরা জড়ো হতে থাকে। একপর্যায়ে কয়েকজন হামলাকারী অফিসের ভেতর ঢুকে রুনার ভাই কাদেরকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে চাইলে রুনা এবং তার স্বামী বাঁধা দিলে শুরু হয় বাকবিতন্ডা। হামলাকারীরা লাঠিসোটা দিয়ে তাদেরকে বেধড়ক পেটাতে থাকে। হামলাকারীরা রুনার কাপড়চোপড় ছিড়ে মারাত্মক শ্লীলতাহানি করে, পরে তার মাথায় কিরিচের কোপ দিলে সে মাটিতে পড়ে যায়। কয়েকজন অস্ত্রের মুখে জিম্মি করে কাদেরকে তুলে তাদের আস্তানায় নিয়ে যায় ।
এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসীরা রুনাকে উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুনার স্বামীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করলেও অবস্থা গুরুতর হওয়ায় রুনাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে পুলিশ এসে কাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
তারা নিজেদের প্রভাব ধরে রাখতে এবং রাজনৈতিক মামলা থেকে রেহাই পেতে বিএনপির কয়েকজন নেতার অনুসারী হিসেবে পরিচয় দেয়।