কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুতে দ্রুত গতিতে ওভারটেকিংয়ের সময় যাত্রীবাহী বাস ও ফ্যামিলি ভ্রমণের একটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ। এছাড়াও চালকদ্বয় পলাতক থাকায় যানবাহন দুটি থানা হেফাজতে নেওয়া হয়।
আজ শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সেতুর সিলেটগামী লেনে এ দূর্ঘটনা ঘটে। এসময় দূর্ঘটনা কবলিত দুটি যান সেতুর রাস্তায় পড়ে থাকার কারণে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ রাত ৩টার পর ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করে।
জানা যায়, শরীয়তপুর থেকে ফ্যামিলি ভ্রমণে সিলেটগামী মাইক্রোবাসটি সেতুর ভৈরব প্রান্তে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কাফি ট্যাভেলস এর (ঢাকা মেট্রো-ব-১৫৯২৩২) নম্বরের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ওভারটেক করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং যাত্রীবাহী বাসটি উল্টে যায়। এঘটনায় আহতদের মাঝে পরিষ্কার (৪৫) নামে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত পরিষ্কার বেগম (৪৫) সুনামগঞ্জ জেলাধীন বিষম্ভরপুর উপজেলার বাসিন্দা।
এবিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাবুর রহমান জানান, দ্রুত গতিতে ওভারটেকিংয়ের ফলে দূর্ঘটনাটি ঘটে। তবে এ-দূর্ঘটনায় সেতুর কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেন তিনি। এছাড়াও চালকদের পরিচয় সনাক্তের পাশাপাশি অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এঘটনায় ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আল-আমিন জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করি। এ-ঘটনায় অন্তত ১০জন আহত হলেও একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।