শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রত্যয়ে দুর্বার প্রজন্মের উদ্যোগে শীতকালীন প্রকল্প “উষ্ণতার পরশ–২০২৬” এর আওতায় ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারী) কিশোরগঞ্জের গাবতলী বাজারের বৌলাই এলাকায় দুর্বার প্রজন্মের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাহমুদুর রহমান মাহমুদ। এছাড়াও সংগঠনের নির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শীতের তীব্রতায় কষ্ট পাওয়া মানুষের হাতে কম্বল তুলে দিয়ে সংগঠনটি মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
এ বছরের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি আধিপত্যবাদবিরোধী মহানায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি-এর স্মরণে উৎসর্গ করা হয়। কর্মসূচি চলাকালে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জোর দাবি জানানো হয়।
অনুষ্ঠানে দুর্বার প্রজন্মের সভাপতি মাহফুজুর রহমান সোহাগ বলেন, শীত মৌসুমে ন্যূনতম উষ্ণতার অভাবে অসহায় মানুষদের কষ্ট লাঘব করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সাধারণ সম্পাদক রাকিব আহমেদ মেরাজ জানান, দুর্বার প্রজন্ম ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি অন্যায় ও জুলুমের বিরুদ্ধে নৈতিক ও প্রতিবাদী ভূমিকা পালন করবে।
এই আয়োজনের মাধ্যমে শীতার্ত মানুষের সহায়তার পাশাপাশি সমাজে মানবিকতা, ন্যায়বিচার ও সচেতনতা জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করে দুর্বার প্রজন্ম।