নির্বাচনি প্রচার যাত্রার প্রথম দিনে সিলেট ও মৌলভীবাজারের জনসভা শেষে হবিগঞ্জের পথে রওনা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টার পর তাকে বহনকারী গাড়ি হবিগঞ্জের শায়েতাগঞ্জের প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।
এর আগে তিনি মৌলভীবাজার সদরে আইনপুর খেলার মাঠে জনসভায় অংশ নেন। এদিন দুপুরে সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান।
আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করতে বুধবার রাতে স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে ঢাকা থেকে সিলেট যান তারেক রহমান। সিলেট পৌঁছে রাতেই হজরত শাহ জালাল (র.) ও হজরত শাহ পরাণের মাজার জিয়ারত করেন তিনি।
পাশাপাশি শাহ জালালের মাজারের কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। পরে সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে গিয়ে নৈশভোজে অংশগ্রহণের পাশাপাশি ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য দেন তারেক রহমান।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনি জনসভা করতেন।