কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। চারদিকে যেন হলুদের রাজ্য—মাঠজুড়ে দোল খাচ্ছে সরিষা ফুল, গুঞ্জন তুলছে মৌমাছির দল। চোখ যতদূর যায়, শুধু হলুদ আর হলুদ। এই দৃশ্য কৃষকের চোখে-মুখে এনে দিয়েছে আনন্দের ঝিলিক, নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বাম্পার ফলনের।
একসময় ধারাবাহিক লোকসানের কারণে সরিষা চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন অনেক কৃষক। তবে গত বছর স্থানীয় বাজারে উন্নত জাতের সরিষার ভালো দাম পাওয়ায় চলতি মৌসুমে আবারও চাষে ফিরেছেন তারা। কৃষি বিভাগের সহযোগিতায় বিনামূল্যে পাওয়া উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করে এবার আশাবাদী কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর নিকলী উপজেলায় প্রায় ৮০০ একর জমিতে সরিষার চাষ হয়েছিল। চলতি মৌসুমে ৯২৫ একর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইতোমধ্যে ৯৪০ একর জমিতে সরিষা আবাদ হয়েছে। এখনো নতুন করে চাষ চলমান থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
গত বছর সরিষার ভালো বাজারদরের প্রভাবে এ বছর উপজেলার ৭০০ জনের বেশি কৃষক সরিষা চাষে যুক্ত হয়েছেন। কৃষি বিভাগ বলছে, শুধু ধানের ওপর নির্ভর না থেকে ভুট্টা, সরিষা, আলু, সূর্যমুখী, পাট ও তিলসহ অন্যান্য ফসল চাষে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি মাটির স্বাস্থ্যও ভালো থাকবে।
কৃষি বিভাগের সহযোগিতা ও অনুকূল আবহাওয়ার কারণে ভালো ফলনের পাশাপাশি এবারও ন্যায্যমূল্য পাওয়ার আশা করছেন কৃষকেরা। ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে আগামীতে সরিষা আবাদ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে উপজেলা কৃষি অফিসের।
সরেজমিনে উপজেলার নিকলী সদর, দামপাড়া, কারপাশা, গুরুই ও জারইতলা ইউনিয়ন ঘুরে দেখা গেছে—প্রতিটি ইউনিয়নের একাধিক কৃষক ৫ থেকে ৬ বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করেছেন।
দামপাড়া ইউনিয়নের উত্তর হাটি গ্রামের কৃষক নুরুল আমিন বলেন, প্রতি একর জমিতে সরিষা চাষে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। গাছ, ফুল ও ফলন দেখে মনে হচ্ছে এবার বাম্পার ফলন হবে। বাজারে দাম ভালো থাকলে গত বছরের মতো এবারও লাভবান হতে পারবো।
নিকলী সদর ইউনিয়নের কুর্শা গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, সরিষার চাহিদা ভালো এবং ঝুঁকি কম হওয়ায় প্রতি মৌসুমেই এই ফসল করি। এবারও দাম ভালো পাওয়া যাবে বলে আশা করছি।
একই গ্রামের কৃষক জসিম উদ্দিন জানান, বারি-১৪ জাতের সরিষার গাছ লম্বা হওয়ায় এর পাতা ঝরে পড়ে জৈব সারের কাজ করে। ফলে পরবর্তীতে বোরো ধানে সারের প্রয়োজন কম হয়। এবার দেড় একর জমিতে এ জাতের সরিষা চাষ করেছি।
গুরুই ইউনিয়নের গুরুই গ্রামের কৃষক আবু মিয়া ও মতিয়র রহমান বলেন, উপজেলা কৃষি অফিস থেকে বারি-১৪ জাতের বীজ নিয়ে ২ একর জমিতে নতুন করে সরিষা চাষ করেছি। গাছ ও ফুল দেখে বোঝা যাচ্ছে, এ বছর দ্বিগুণ ফলন হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সামাদ বলেন, চলতি মৌসুমে বারি-১৪, বারি-১৭ ও বিনা-৯/১০ জাতের সরিষার বীজ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। বপনের ৭৫ থেকে ৮০ দিনের মধ্যেই সরিষার ফলন পাওয়া যায়। আবহাওয়া অনুকূলে থাকলে এবার উপজেলায় ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।