কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভূয়া কাগজপত্র দেখিয়ে প্রতারণার মাধ্যমে ভাইদের সম্পত্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে সৎ চাচাতো ভাইদের বিরুদ্ধে। সম্পত্তি ফিরে পেতে ভুক্তভোগীরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে লিখিত আবেদন করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর এলাকায় অবস্থিত ‘রঘুনাথ ভবন’ নামে পরিচিত ১ দশমিক ৩৭ একর জমির জমিদার বাড়িটি ২০২৩ সালের ১৮ মে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
অভিযুক্ত সৎ চাচাতো ভাইরা হলেন— ভৈরব উপজেলার বাসিন্দা রনদা প্রসাদ রায়ের ছেলে বিপ্লব রায়, শিব শংকর সাহা রায়ের ছেলে শিপন সাহা এবং রবীন্দ্র রায়ের ছেলে শুভ রায় দ্বীপন।
ভুক্তভোগীরা হলেন— শশী মোহন সাহা রায়ের ছেলে স্বপন কুমার সাহা রায়, উত্তম কুমার রায়, গৌতম রায় (সোখন), অশেষ কুমার সাহা রায় ও অসীম কুমার সাহা রায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর মৌজায় অবস্থিত ‘রঘুনাথ ভবন’-এর সিএস রেকর্ডীয় মালিক ছিলেন জমিদার রায় মোহন সাহা রায়। তাঁর প্রথম স্ত্রীর সন্তান শশী মোহন সাহা রায় দীর্ঘদিন পাঁচ ছেলে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। দ্বিতীয় স্ত্রীর সন্তানেরা ভৈরবে বসবাস করতেন। শশী মোহন সাহা রায়ের মৃত্যুর পর তাঁর পাঁচ ছেলে বাড়িটির দেখভাল করে আসছেন।
সম্প্রতি পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করতে গেলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। তখন তারা জানতে পারেন, বাড়িটি ইতোমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হওয়ায় কোনো সংস্কার বা পরিবর্তন করা যাবে না।
স্থানীয় বাসিন্দা রনজিত দেবনাথ, কেশব চন্দ্র সাহা ও আব্দুস শহীদ জানান, বাড়িটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। তাদের দাবি, তিন সৎ ভাই নিজেদের অংশ বিক্রি করে দিয়ে অবশিষ্ট অংশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেন।
ভুক্তভোগী অশেষ কুমার সাহা রায় অভিযোগ করে বলেন, ১১ জন ওয়ারিশের মধ্যে মাত্র তিনজন ওয়ারিশ প্রতারণার মাধ্যমে ‘রঘুনাথ ভবন’কে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার উদ্যোগ নেন। তিনি বলেন, পুরাকীর্তি আইন, ১৯৬৮-এর ধারা ১০(২) অনুযায়ী প্রজ্ঞাপন জারির পর তার কপি মালিকদের কাছে সরবরাহ করার বিধান থাকলেও তাদের কোনো কপি দেওয়া হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, প্রজ্ঞাপনে ‘আরএস রেকর্ডীয় মালিকদের সকল ওয়ারিশ সম্মত রয়েছেন’ উল্লেখ করা হলেও তা ভিত্তিহীন। প্রকৃত মালিকদের মতামত না নিয়েই সম্পত্তিটি সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অশেষ কুমার সাহা রায় জানান, পুরাকীর্তি আইন, ১৯৬৮-এর ধারা ১১ অনুযায়ী তারা আপত্তি জানিয়েছেন এবং সম্পত্তিটিকে সংরক্ষিত প্রত্নসম্পদ তালিকা থেকে বাতিল করে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংবিধানের ৪২ অনুচ্ছেদ অনুযায়ী সম্পত্তির অধিকার রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক আফরুজা খানম মিতা বলেন, “ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে আমরা বাড়িটি পরিদর্শন করেছি। কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”