শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঈদের দিন চলবে না মেট্রোরেল সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধানসেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে: সেনাপ্রধান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি বিমান হারিয়েছে: মার্কিন প্রতিবেদন হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার উপাচার্য বৈঠকের মধ্যেই খালি হচ্ছে ডুয়েট ক্যাম্পাস

গণভোট: বিভ্রান্ত ভোটার, জানেন না ‘কী’ ও ‘কেন’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
গণভোট: বিভ্রান্ত ভোটার, জানেন না ‘কী’ ও ‘কেন’

ঢাকার তেজগাঁওয়ের আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে এসেছিলেন কুনিপাড়ার বাসিন্দা আফসানা আক্তার। গণভোট সম্পর্কে ধারণা আছে কি না জানতে চাইলে তিনি এক শব্দে গণমাধ্যমকে উত্তর দেন, “মোটামুটি।”

আফসানার মতো অনেক ভোটারই গণভোট দিতে কেন্দ্রে এলেও বিষয়টি সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নেই। বেগুনবাড়ি এলাকার বাসিন্দা মিতু আক্তার একই কেন্দ্রে ভোট দিতে এসে উল্টো প্রশ্ন করেন, “গণভোট কিতা?”

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে দেশে চতুর্থবারের মতো গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার অন্তত তিনটি কেন্দ্র ঘুরে এবং আরও কয়েকটি কেন্দ্রের তথ্য নিয়ে দেখা গেছে, অধিকাংশ ভোটারেরই গণভোট সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। যাদের কিছুটা ধারণা আছে, তারাও পুরো বিষয়টি সম্পর্কে অবগত নন।

বনানী আদর্শ বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা শরিফুল ইসলাম বলেন, “আমি ভাই টু বি অনেস্ট, গণভোট নিয়ে খুব-একটা জানি না। তবে, ভোট দিয়ে এসেছি।”

একই কেন্দ্রের আরেক ভোটার সাইফুল আলম বলেন, “গণভোট নিয়ে ধারণা কম। তবু ভোট দিলাম। দল থেকে যেভাবে দিতে বলেছে, সেভাবেই দিলাম।”

হাসিব রাইয়ান নামের আরেক ভোটার জানান, “গণভোট নিয়ে বিস্তারিত পড়া হয়নি। ব্যালটে যা লেখা থাকবে, ওইটুকু মোটামুটি জানি। সেভাবেই ভোট দিলাম।”

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা নাছির বলেন, “সংস্কার চাইলে গণভোটে হ্যাঁ দেওয়া উচিত।” পাশে থাকা তার বোন তানিশাও তাতে সায় দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা কেন্দ্রে ভোট দেওয়া ৮৬ বছর বয়সী আবদুল কাদের বেপারী বলেন, “এইডা কিতা, এতো তো জানি না।”

একই কেন্দ্রে ভোট দেওয়া আলিম মিয়া বলেন, “ভোট দিতে এসেছি। তবে গণভোটে চারটা প্রশ্ন একসাথে দেওয়াটা জটিল। আলাদা হলে ভালো লাগতো। তবে একটু বেশি টাইম লাগলো। পড়লাম তারপর দিলাম।”

তবে সব ভোটার যে বিভ্রান্ত, তা নয়। কার্জন হল কেন্দ্রে ভোট দিতে আসা আদিত্য কুমার বলেন, “গণভোট নিয়ে এত দিন দেখেছি নানা বিতর্ক। একটা অভিজ্ঞতা হয়েছে। আর নাগরিক হিসেবে কর্তব্য রাষ্ট্র সংস্কারে অংশ নেওয়া। তাই, বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছি। জাস্ট ভোটটা দিলাম মাত্র।”

একই কেন্দ্রে ভোট দেওয়া লাবণ্য চৌধুরী বলেন, “গণভোট বিষয়টি বেশ সেন্সিটিভ। পড়লাম, দেখলাম। সবকিছু বিবেচনা করে ভোট দিয়েছি। দেশের ভাগ্য নির্ধারণে এ গণভোটেই তো প্রভাব ফেলবে।”

এবারের গণভোটে ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কারের চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ব্যালট পেপারে রাখা হয়েছে। ভোটারদের ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে হচ্ছে।

ব্যালটের প্রশ্ন অনুযায়ী— জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের প্রতি সম্মতি চাওয়া হয়েছে।

প্রস্তাবগুলো হলো—

(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।

(খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।

(গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।

(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।

ভোটের আগে সরকারের তরফে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ব্যাপক প্রচার চালানো হয়েছিল।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি ভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার পদ্ধতিই গণভোট। এর মাধ্যমে জনগণের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্তভাবে গ্রহণ বা প্রত্যাখ্যানের জন্য উপস্থাপিত হয়।

বাংলাদেশে এর আগে তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৭ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও কর্মপন্থার প্রতি জনগণের মতামত যাচাইয়ের জন্য প্রথম গণভোট হয়; তখন ৯৮.৮ শতাংশ ‘হ্যাঁ’ এবং ১.১২ শতাংশ ‘না’ ভোট পড়ে। ১৯৮৫ সালের ২১ মার্চ দ্বিতীয়বার গণভোট হয় রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নীতি ও কর্মপন্থার প্রতি আস্থা এবং তার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকার বিষয়ে; তখন ৯৪.১১ শতাংশ ‘হ্যাঁ’ ও ৫.৫০ শতাংশ ‘না’ ভোট পড়ে। ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর সংবিধানের ১৪২ (১ক) অনুচ্ছেদ অনুযায়ী তৃতীয়বার গণভোট হয়; প্রশ্ন ছিল দ্বাদশ সংশোধনী বিলের প্রতি রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কি না। সেবার ৮৪ শতাংশ ‘হ্যাঁ’ এবং ১৫.৬২ শতাংশ ‘না’ ভোট পড়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com