কিশোরগঞ্জে গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের আব্দুস ছালাম (৬০) নামে এক কর্মী নিহত হন। নিহত কৃষক ও জামায়াত কর্মী আব্দুস ছালামের পরিবারের দায়িত্ব নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর দক্ষিণহাটি এলাকায় আব্দুস ছালামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, কবর জিয়ারত ও স্মরণসভায় অংশ নেন তিনি। সেখানেই পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
জামায়াতের আমির বলেন, সাধারণ মানুষকে সম্মান করা তাঁর ঈমানি দায়িত্ব। কৃষক-শ্রমিকদের পরিশ্রমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তারা হালাল রুজির জন্য কঠোর পরিশ্রম করেন এবং তাদের ঘামের মূল্য অনেক বেশি। তিনি আরও বলেন, যতদিন সংগঠনের দায়িত্বে থাকবেন, ততদিন এই পরিবারের দায়িত্ব পালন করবেন এবং ভবিষ্যতেও সংগঠনের দায়িত্বশীলরা এ দায়িত্ব অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন।
কবর জিয়ারত ও স্মরণসভায় কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী ও ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।