ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও খ্যাতিমান বিতার্কিক ফজলে হুদা বাবুল। তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৬৩ ভোট। প্রায় ৫১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে জেলায় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে নজির স্থাপন করেছেন তিনি।
নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে নওগাঁ-৩ ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ। বদলগাছী উপজেলার বিশ্ব ঐতিহ্যবাহী সোমপুর মহাবিহার (পাহাড়পুর বৌদ্ধ বিহার) এবং প্রাচীন হলুদ বিহার এ আসনের গর্ব। কৃষিতে সমৃদ্ধ এ অঞ্চল বিশেষ করে সবজি উৎপাদন ও জিআই সনদপ্রাপ্ত নাকফজলি আমের জন্য সুপরিচিত। চাল উৎপাদনেও শীর্ষ জেলা নওগাঁর অধিকাংশ চালকল মহাদেবপুর উপজেলায় অবস্থিত।
দীর্ঘদিন পর আসনটি পুনরুদ্ধার হওয়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। টকশোতে সাবলীল বক্তব্য ও দৃপ্ত উপস্থিতির মাধ্যমে পরিচিত এই নেতা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন—এমন প্রত্যাশা জেলার সর্বস্তরে জোরালো হয়েছে।
বদলগাছীর শিক্ষক শুক্লা রানী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ তাকে ভোট দিয়েছেন। তিনি উচ্চশিক্ষিত ও বিনয়ী নেতা। মহাদেবপুরের তরুণ ভোটার আসলাম হোসেন বলেন, তার কর্পোরেট অভিজ্ঞতা উন্নয়নে কাজে লাগবে।
নির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, এই বিজয় দলের নেতাকর্মী, তারেক রহমান ও খালেদা জিয়ার ত্যাগের ফল। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পেলে সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজ করবেন বলে জানান তিনি।