র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন বালুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের ইটের রাস্তার পাশে কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে কাগারচর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ এরশাদুল ইসলাম ভূইয়া ওরফে রুমান (৫৩), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
২) মোঃ জামাল (৪৮), থানা-পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ।
এসময় তাদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা, মাদক বিক্রয়লব্ধ নগদ ১১ হাজার ৮০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং পরিবহনে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।