কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হামিম রানা, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, দৈনিক দিনকাল-এর উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, বিএমইউজে উপজেলা শাখার সভাপতি এস কে শাহীন নবাব, জুলাই যোদ্ধা আল আমিন ভূইয়া, তাতী দলের উপজেলা আহ্বায়ক শামসুল আলম পারভেজ, জুলাই যোদ্ধা মো. সুজন মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা।
সভায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।
বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা, ইতিহাসচেতনা ও দেশপ্রেম জাগ্রত রাখার আহ্বান জানান।