বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পাকুন্দিয়া–কটিয়াদী মাদকমুক্ত করার ঘোষণা নবনির্বাচিত এমপি জালাল উদ্দীন

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীন। তিনি বলেন, “পাকুন্দিয়া ও কটিয়াদীকে মাদকমুক্ত করবোই। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে। সমস্যা থাকলে আমার কাছে বা প্রশাসনের কাছে বলুন—আমরা তা দেখবো। কিন্তু মাদক বিক্রি করে সমাজ ধ্বংস করতে দেওয়া হবে না।”

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি জালাল উদ্দীন বলেন, “যারা চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িত, তাদের জন্যও বার্তা একটাই—কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বা চাঁদাবাজকে আমি আশ্রয়-প্রশ্রয় দেবো না। প্রশাসনের কাছে আমার নাম বলে কেউ রক্ষা পাবে না।”

তিনি উপস্থিত অফিসার ইনচার্জ (ওসি)-কে উদ্দেশ করে বলেন, “যারা বড় মাদক সরবরাহকারী ও ব্যবসায়ী, আগে তাদের আইনের আওতায় আনুন। তারা আমার দলের হলেও বিন্দুমাত্র খাতির করবেন না। আমি কোনো তদবির করবো না। দলীয় পরিচয়ে কেউ বাঁচতে পারবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, অফিসার ইনচার্জ এসএম আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি কামাল উদ্দীন, আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীন উপজেলা পরিষদ মিলনায়তনে পৌঁছলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, তিনি কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তিনি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়লকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com