পাকুন্দিয়া উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় রহিমা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে উপজেলার কাতার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে ইফতারের ঠিক আগে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।