কিশোরগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের মতে, আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ১১টার দিকে সদর উপজেলার বৌলাই নাকভাঙ্গা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে করিমগঞ্জের চামটাঘাট এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভৈরবের উদ্দেশে রওনা হয়। বৌলাই নাকভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।