তাড়াইল উপজেলায় আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে একশত অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ফাউন্ডেশনের আয়োজনে এবং তাড়াইল উপজেলা প্রতিনিধি মুফতী এনায়েতুল্লাহ আল মুজতাবার তত্ত্বাবধানে উপজেলার সাতটি ইউনিয়নের অসচ্ছল পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
প্রতিটি ইফতার প্যাকেজে ছিল ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি।
বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন মুফতী মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা আবদুল মতীন, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইনসহ আরও অনেকে।
তাড়াইল উপজেলা প্রতিনিধি মুফতী এনায়েতুল্লাহ আল মুজতাবা জানান, রমজান মাসজুড়ে দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।