কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ড্রেনেরঘাট-নরপতি এলাকায় অভিযান পরিচালনা করে একদল পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার দক্ষিণপাড়া কালিকাপ্রসাদ এলাকার আলকাছ মিয়ার ছেলে হালিম (৩০) এবং একই উপজেলার কুমিরমারা এলাকার কাশেমের ছেলে নাইম (৩০)।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ড্রেনেরঘাট থেকে মঠখোলা নরপতি এলাকার আ. সাহিদের বাড়ির পূর্ব পাশের রাস্তার ওপর থেকে তাদের ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোবারক হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ রবিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।