কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভিযোগে ৯ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে এসে তারা জালিয়াতির ঘটনায় ধরা পড়েন। পরে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— হোসেনপুর উপজেলার মো. জালাল উদ্দিনের ছেলে মো. নিজাম উদ্দিন, পাকুন্দিয়া উপজেলার রজব আলীর ছেলে পিয়াস, হোসেনপুর উপজেলার সেলিমের ছেলে সাব্বির, পাকুন্দিয়া উপজেলার মোস্তফার ছেলে মেহেদী, মিঠামইন উপজেলার আবুল কালামের ছেলে শফিকুল, ইটনা উপজেলার রবি হোসেনের ছেলে নজরুল, তাড়াইল উপজেলার জিলু মিয়ার ছেলে জসিম, কিশোরগঞ্জ সদর উপজেলার শফিকুল ইসলামের মেয়ে রাহিমা আক্তার এবং তাড়াইল উপজেলার দুলাল মিয়ার ছেলে ফয়সাল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাইভা বোর্ডে উপস্থিত হলে অন্যান্য পরীক্ষার্থীর মতো তাদেরও লিখিত পরীক্ষার খাতার হাতের লেখার সঙ্গে তাৎক্ষণিকভাবে মিলিয়ে দেখা হয়। হাতের লেখায় অসামঞ্জস্য ধরা পড়লে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, লিখিত পরীক্ষায় তারা নিজেরা অংশ নেননি; অন্যের মাধ্যমে প্রক্সি দিয়ে উত্তীর্ণ হয়েছেন।
ঘটনাস্থলেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল, রাহুল ঘোষ পলাশ, আমিন অর রশিদ, মশিউর রহমান ও রিয়াদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষ স্বীকারের ভিত্তিতে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন।
এ বিষয়ে নিয়োগ ও বাছাই কমিটির সদস্য সচিব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, হাতের লেখা যাচাইয়ের সময়ই জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে অভিযুক্তরা প্রক্সির মাধ্যমে পরীক্ষায় পাস করার কথা স্বীকার করেন। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত চক্রকে শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।