কিশোরগঞ্জের ভৈরব থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর জনতা ব্যাংকের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলমগীর হোসেন (৩৮) জনতা ব্যাংকের ভৈরব শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামে। তিনি স্ত্রী তাছলিমা আক্তারের সঙ্গে ভৈরব উপজেলার কালিকাপ্রাসাদ বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করতেন। তাছলিমা আক্তার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গত রোববার সকাল সাড়ে আটটার দিকে আলমগীর হোসেন অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তবে পরে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সেদিন তিনি অফিসে পৌঁছাননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। একই দিন তার স্ত্রী ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বুধবার সন্ধ্যায় স্থানীয়রা কালিকাপ্রাসাদ এলাকার বিসিক শিল্পনগরীর বিপরীত পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ভৈরব থানার ওসি মো. আতাউর রহমান আকন্দ জানান, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।