কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গরু চুরির অভিযোগে রমিজ উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ মার্চ) ভোরে উপজেলার চরফরাদি ইউনিয়নের দক্ষিণ চরটেকি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন পাকুন্দিয়া উপজেলার চর আলগি গ্রামের হযরত আলী মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে দক্ষিণ চরটেকি গ্রামে একটি গরুসহ রমিজ উদ্দিনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে গিয়ে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গরুসহ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।