কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মন্ত্রী এই হামলাকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন। তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে হামলায় আহত কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকুকে ফোন করে তিনি এ আশ্বাস দেন।
ফোনালাপে মন্ত্রী আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় ও সরকার সবসময় সাংবাদিকদের পাশে রয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী তাদের চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শহরের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় একটি নিলাম সিন্ডিকেটের হামলার শিকার হন কয়েকজন সাংবাদিক। এ সময় চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু গুরুতর আহত হন।
ঘটনার পর রাতেই আহত পিংকু বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া জানান, আটক আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ আবেদনের শুনানি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
তবে মামলার বাদীর অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজন আসামি এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তারা বাদীসহ অন্যান্য সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। বিষয়টি মন্ত্রীকে জানানো হয়েছে বলেও তিনি জানান।