আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে শহরের নরসুন্দা নদীর তীরে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন ফিরোজ উদ্দিন, আব্দুল গনি, মীর জাহান চন্দ্র সরকার, রুহুল আমিন, আতিয়া বেগম, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মাজহার মান্না, সাংবাদিক ফারুকুজ্জামান এবং সাংবাদিক মুঞ্জুরুলহক মুঞ্জুসহ অন্যরা।
বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদের শাখা নরসুন্দা নদী হোসেনপুর উপজেলার চরজামাইল ও চরকাওনা এলাকা দিয়ে প্রবাহিত হয়ে কিশোরগঞ্জ শহরের বুক চিরে ইটনা উপজেলার চৌগাংগা এলাকায় ধুনু নদীর সঙ্গে মিলিত হয়েছে। একসময় প্রাণবন্ত এই নদী এখন দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে।
তারা অভিযোগ করেন, হোসেনপুরের জামাইল ও কাউনা এলাকায় অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করে নরসুন্দা নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে, যা নদীটির জন্য মারাত্মক ক্ষতিকর হয়েছে। বক্তারা নরসুন্দা নদী দখল ও দূষণমুক্ত করে নদীর তীরে বৃক্ষরোপণ, হাঁটার পথ নির্মাণ এবং সৌন্দর্যবর্ধনের মাধ্যমে একটি নান্দনিক কিশোরগঞ্জ গড়ে তুলতে সমন্বিত মাস্টার প্ল্যান গ্রহণের দাবি জানান।
পথসভা শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।