সৌদি আরবে বজ্রাঘাতে নিহত কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার পশ্চিম ধুলজুরী গ্রামের প্রবাসী মো. রাসেল মিয়ার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা নিহত রাসেল মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের মাঝে ঈদ উপলক্ষে জামাকাপড়, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এর আগে গত মঙ্গলবার (১০ মার্চ) সৌদি আরবে কর্মস্থলে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে রাসেল মিয়ার মৃত্যু হয়। মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ে তার স্ত্রী ও চার সন্তান।
শনিবার ইউএনও কাজী নাহিদ ইভা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং শিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন। তিনি বলেন, “রাসেল মিয়ার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকার চেষ্টা করবে। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। পাশাপাশি নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়েও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”
ঈদ উপহার পেয়ে নিহত রাসেলের স্ত্রী শাহানাজ বলেন, “আমার দুঃসময়ে ইউএনও স্যার যে সহযোগিতা করেছেন তাতে আমি কৃতজ্ঞ।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা জানান, দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাই পরিবারটির পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতা কামনা করেন তারা।