কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ইউএনও রূপম দাস। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাকুন্দিয়া থানা ও পৌর সদর বাজার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় ইউএনও রূপম দাস বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার প্রজনন অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
কর্মসূচিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পাকুন্দিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং রোভার স্কাউটের সদস্যরা অংশ নেন।