কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সুমন (৪২) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই এলাকার রহিম বাদশার ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের বড় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। এ ঘটনায় দুলাল মিয়া (৫০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০–১২ দিন আগে জমি নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার সিরাজুলের ছেলে রুবেল দেশীয় অস্ত্র নিয়ে দুলালের ওপর হামলা চালান।
এ সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে সুমনকে ছুরিকাঘাত করা হয়। এতে সুমন ও দুলাল দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সুমনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুলাল মিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, বিকেলে এলাকাবাসী অভিযুক্ত রুবেল মিয়া (৩২)কে আটক করে পুলিশে সোপর্দ করে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।