কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে আগাম ঈদুল ফিতর উদযাপন করেছেন স্থানীয় কিছু মুসল্লি। উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামের একটি মসজিদে শতাধিক মুসল্লি একত্র হয়ে ঈদের নামাজ আদায় করেন।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন ময়মনসিংহ জেলার মাওলানা শায়েখ আব্দুল মাসুম।
প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের পাকুন্দিয়াসহ দেশের কয়েকটি এলাকায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
স্থানীয়ভাবে চাঁদ দেখা না গেলেও সৌদি আরবে চাঁদ দেখার ভিত্তিতে নির্দিষ্ট কিছু গ্রামের মানুষ রোজা ও ঈদ পালন করে আসছেন।
মূলত শরীয়তের স্থানীয় চাঁদ দেখার প্রচলিত নিয়মের পরিবর্তে সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদ উদযাপনের এই চর্চা পাকুন্দিয়ার কিছু পরিবার দীর্ঘদিন ধরে অনুসরণ করে।