ওয়াশিংটন যদি নতুন করে আক্রমণে নামে তাহলে এর জবাবে মার্কিন অবস্থানগুলোতে ‘দীর্ঘ ও যন্ত্রণাদায়ক হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
হরমুজ প্রণালির ওপর নিজেদের দাবিও পুনর্ব্যক্ত করেছে তারা, যা গুরুত্বপূর্ণ ওই জলপথটি খুলতে জোট গঠনে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা তাকেও জটিলতার দিকে ঠেলে দিয়েছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের শুরুর দিকেই তেহরান বিশ্ববাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওই নৌপথের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর থেকে তাদের অনুমোদন ছাড়া কোনো নৌযান ওই প্রণালি পাড়ি দিতে পারেনি।
যুদ্ধের আগে অবাধে ওই প্রণালি ব্যবহার করে বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাস গন্তব্যে যেত। কিন্তু ইরানের বিধিনিষেধের কারণে বিশ্বজুড়েই এখন জ্বালানির দাম চড়ছে, বৈশ্বিক মন্দার ঝুঁকি নিয়ে উদ্বেগও বাড়ছে, বলেছে বার্তা সংস্থা রয়টার্স।
সংঘাত থামানোর চেষ্টাও অচলাবস্থায় পতিত হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গত ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি চললেও ইরানের তেল রপ্তানিতে মার্কিন নৌ অবরোধের পাল্টায় শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি এখনও হরমুজ কার্যত আটকে রেখেছে।
এরই মধ্যে বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইরানে নতুন সামরিক অভিযান নিয়ে তাদের পরিকল্পনা সম্বন্ধে বিস্তারিত জানিয়েছে।
এসব পরিকল্পনার মধ্যে ইরানের বিভিন্ন স্থাপনায় একের পর এক ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ হামলা চালিয়ে যাওয়া, হরমুজ প্রণালির একাংশের নিয়ন্ত্রণ নেওয়া এবং স্থলসেনা পাঠিয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে আনার বিষয়গুলো থাকতে পারে বলে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে আগেই আভাস দেওয়া হয়েছিল।
এ খবরের পর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বৃহস্পতিবার এক পর্যায়ে ১২৬ ডলার ছাড়িয়ে যায়; যদিও পরে তা ১১৪ ডলারের কাছাকাছি নেমে আসে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দ্রুত ফল পাওয়ার আশা করাটা ‘যুক্তিযুক্ত নয়’।
“যে-ই মধ্যস্থতাকারী হোক না কেন, এত অল্প সময়ে একটি সমাধানে পৌঁছানোর প্রত্যাশা করা, আমার মতে, খুব একটা বাস্তবসম্মত নয়,” তিনি এমনটাই বলেছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো।
বৃহস্পতিবার রাতের দিকে দেশটির রাজধানী তেহরানের কিছু এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা সক্রিয় হওয়ার শব্দ শোনা যায় বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের।
বার্তা সংস্থা তাসনিম জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা ছোট ড্রোন ও মানুষবিহীন নজরদারি উড়ন্ত যানকে মোকাবেলায় ব্যস্ত ছিল।
একইদিন সংযুক্ত আরব আমিরাত তার নাগরিকদের ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। এখন ওই দেশগুলোতে থাকা নাগরিকদের দ্রুত সেসব দেশ ছেড়ে দেশে ফেরারও আহ্বান জানিয়েছে তারা।
এদিকে ট্রাম্প তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, ইরানকে কোনোমতেই পারমাণবিক শক্তিধর দেশ হতে দেওয়া যায়নি। ইরানের সঙ্গে সংঘাত শেষ হলে যুক্তরাষ্ট্রে পেট্রলের দামও ‘পাথর যেভাবে পড়ে, সেভাবে পড়তে শুরু করবে’ বলে তিনি আশ্বস্ত করেছেন।
ইরানে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, যা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পশ্চিমারা শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর সব অভিযোগ আনলেও বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের ব্যাপারে ‘রাজি’। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ‘যুক্তরাষ্ট্রেই ইরান খেলবে’ এমনটা জোর দিয়ে বলার পর মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্য মিলল।
‘দীর্ঘ ও যন্ত্রণাদায়ক হামলার’ হুঁশিয়ারি ইরানের
ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, সেটা সীমিত আকারে হলেও, তা অঞ্চলজুড়ে বিভিন্ন মার্কিন অবস্থানে ‘দীর্ঘ ও যন্ত্রণাদায়ক হামলা’ ডেকে আনবে।
“তোমাদের আঞ্চলিক ঘাঁটিগুলোতে কী হয়েছে আমরা দেখেছি, একই জিনিস আমরা তোমাদের যুদ্ধজাহাজগুলোর ক্ষেত্রেও দেখবো,” আইআরজিসি মহাকাশ বাহিনীর কমান্ডার মাজিদ মুসাভি এ কথা বলেছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, হরমুজ ‘কার্যত বন্ধ রাখায়’ বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থায় যে ব্যাঘাত তা যদি বছরের মাঝামাঝি পর্যন্ত চলে তাহলে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যাবে, মূল্যস্ফীতি বাড়বে এবং কোটি কোটি মানুষকে দারিদ্র্য ও চরম ক্ষুধার দিকে ঠেলে দেওয়া হবে।
“গুরুত্বপূর্ণ ওই নৌপথের টুটি যত বেশি সময় ধরে চেপে রাখা হবে, ক্ষতি কাটিয়ে ওটাও ততই কঠিন হয়ে উঠবে,” নিউ ইয়র্কে সাংবাদিকদের এ কথাই বলেছেন তিনি।
এদিকে ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর ‘৬০ দিনের সময়সীমা’ পেরিয়ে যাচ্ছে ট্রাম্পের। নিয়ম অনুযায়ী, এ ৬০ দিনের মধ্যেই তাকে হয় সংঘাতের অবসান না হয় ১৯৭৩ সালের যুদ্ধ ক্ষমতা আইনে সময়সীমা বাড়াতে কংগ্রেসের অনুমতি চাইতে হতো।
কিন্তু ট্রাম্প এমন কিছু করবেন বলে মনে হচ্ছে না। তার প্রশাসনের এক কর্মকর্তা বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে বলেছেন, এপ্রিলে হওয়া যুদ্ধিবিরতির কারণে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখন কোনো সংঘাত না থাকায় ওই আইনের অধীনে কংগ্রেসের মত নেওয়ারও দরকার পড়ছে না।
একইদিন ট্রাম্প আবারও বলেছেন, ইরানের অর্থনীতি ‘সর্বনাশা পর্যায়ে’ পৌঁছে গেছে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি মানে করেন অর্থনৈতিক লড়াইয়ের চাপে পড়ে ইরানই আগে মাথা নত করে নেবে, তাহলে তাকে আরও অনেক সময় অপেক্ষা করতে হবে।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৪০ দিনের যুদ্ধ ইরানের অর্থনৈতিক সঙ্কটকে তীব্র করেছে, যুদ্ধের পর দেশটিতে বিপর্যয় নেমে আসতে পারে এমন আশঙ্কাও অনেকের। তার ওপর এখন চলছে মার্কিন নৌ-অবরোধ, এত কিছুর পরও ইরান উপসাগরের এবারের সঙ্কটে টিকে যেতে পারে বলে ধারণা বেশিরভাগ বিশ্লেষকেরই।