বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দুবাই থেকে হত্যা মামলার আসামিকে ফেরাল পিবিআই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
দুবাই থেকে হত্যা মামলার আসামিকে ফেরাল পিবিআই

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে এক হত্যা মামলার আসামিকে ফেরত এনে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ঘটনার তিন বছর পেরিয়ে আরিফ সরকার (৪০) নামে ওই আসামিকে বুধবার দেশে ফেরানোর কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরিফ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার আসামি।

পিবিআই বলছে, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আরিফকে বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নিজ বাসায় হারুন অর রশিদ খানকে গুলি করা হয়। শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সেখানে এক মাস চিকিৎসার পর ১৩ এপ্রিল ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটি অস্ত্রোপচার শেষে ১ মে দেশে আনা হয়েছিল।

এরপর ৭ মে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৩১ মে হারুন অর রশিদ মারা যান।

গুলির ঘটনার দুইদিন পর ২৭ ফেব্রুয়ারি তার ছেলে আমিনুর রশীদ খান তাপস শিবপুর থানায় একটি মামলা করেছিলেন, যেখানে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে এজাহারনামীয় প্রধান আসামিসহ ৪ জন দুবাইয়ে অবস্থান করছিল বলে জানিয়েছিল পুলিশ।

ওই বছরের ২৩ জুন মামলাটির তদন্তভার পায় পিবিআই। এরমধ্যে গত বছরের জুলাইতে ইন্টারপোলের সহায়তায় আসামি মহসিন মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়।

পিবিআই বলছে, গ্রেপ্তার মহসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরিফ সরকারসহ অন্য আসামিদের বিষয়ে তথ্য দেয়। তদন্তে আরিফের জড়িত থাকার সুস্পষ্ট তথ্য পাওয়ার পর তার অবস্থান জানতে পিবিআই ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) আবেদন করে।

আরিফের অবস্থান দুবাইতে নিশ্চিত হলে তাকে ফেরাতে পিবিআইয়ের আবেদনের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর তাকে ধরতে ইন্টারপোলের রেড নোটিসের মাধ্যমে আবেদন করা হয়। এরমধ্যে গেল বছরের নভেম্বরে আরিফসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই।

ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশকে জানায়। এর প্রেক্ষিতে পিবিআই এবং পুলিশ সদরদপ্তরের সমন্বয়ে গঠিত একটি টিম দুবাই গিয়ে বুধবার আরিফকে ফিরিয়ে আনে।

পিবিআইয়ের নরসিংদীর বিশেষ পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন বলছেন, আরিফকে ফেরানোর মধ্য দিয়ে হারুন অর রশিদ হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com