কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার হাওড় ও প্রত্যন্ত অঞ্চলে একসময় তাল, নারিকেল ও সুপারি গাছে বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা চোখে পড়ত। তবে সময়ের পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের কারণে এখন সেই পরিচিত দৃশ্য অনেকটাই বিরল হয়ে গেছে।
পরিবেশবিদ ও পাখিপ্রেমীদের মতে, তালগাছ কমে যাওয়াই বাবুই পাখির সংখ্যা হ্রাসের অন্যতম কারণ। তারা মনে করেন, ব্যাপকভাবে তালগাছ রোপণ করা গেলে এই পাখির বিলুপ্তি রোধ করা সম্ভব।
স্থানীয় পাখিপ্রেমীরা জানান, গ্রামবাংলার প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বাবুই পাখি আজ হারিয়ে যেতে বসেছে। একসময় গ্রাম-গঞ্জের তালগাছে সারি সারি ঝুলন্ত বাসা ছিল পরিচিত দৃশ্য, যা এখন আর তেমন দেখা যায় না।
‘বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুঁড়েঘরে থেকে করো শিল্পের বড়াই’—কবির এই কালজয়ী পঙ্ক্তি বাবুই পাখির শিল্পসত্তারই প্রতিফলন। নিপুণ কারিগরি আর সৃজনশীলতায় তৈরি তাদের বাসা সত্যিই বিস্ময়কর। খড়, ধানের পাতা, তালগাছের কচিপাতা, ঝাউ ও লতাপাতা দিয়ে তারা তৈরি করে ঝুলন্ত কুঁড়েঘর, যা প্রবল ঝড়-ঝঞ্ঝাতেও টিকে থাকে।
বাবুই পাখি শুধু শিল্পীই নয়, বরং তারা সমাজবদ্ধ জীবনযাপনের এক অনন্য উদাহরণ। একসাথে একটি গাছে দলবদ্ধভাবে বসবাস করে তারা সামাজিক বন্ধনের দৃষ্টান্ত স্থাপন করে।
স্থানীয়দের মতে, প্রায় এক দশক আগেও তাড়াইলের বিভিন্ন এলাকায় তাল, নারিকেল ও সুপারি গাছে প্রচুর বাবুই পাখির বাসা দেখা যেত। কিন্তু বর্তমানে তালগাছ উজাড় হওয়ায় তাদের আবাসস্থলও হুমকির মুখে পড়েছে।
এদিকে প্রচলিত একটি ধারণা রয়েছে—বাবুই পাখি নাকি রাতের বেলায় বাসা আলোকিত করতে জোনাকি ধরে রাখে। যদিও এ বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ সীমিত, তবুও এই বিশ্বাস গ্রামীণ লোককথার অংশ হয়ে আছে।
পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক হারে তালগাছ রোপণের মাধ্যমে বাবুই পাখির আবাসস্থল সংরক্ষণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।