“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হোসেনপুর এ কংগ্রেসের আয়োজন করে।
সোমবার (১৮ মে) সকালে হোসেনপুরের আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও গ্রামীণ অর্থনৈতিক রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (খামারবাড়ি) ইমরুল কায়েস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুমা আক্তার, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. শাহীনা আক্তার, মুদাসিল হায়দার আলমগীর ও মো. এনায়েতুল ইসলামসহ আরও অনেকে।
কংগ্রেসে বক্তারা বলেন, গ্রামীণ জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং বাজার সংযোগ জোরদার করা অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষকদের সহনশীল (রেজিলিয়েন্ট) কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও জানান, পার্টনার প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আয় বৃদ্ধি, নারী ও যুবদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং টেকসই কৃষি ব্যবস্থা উন্নয়নে কাজ করা হচ্ছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও তথ্যসেবা সহজলভ্য করার বিষয়েও আলোচনা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হোসেনপুরের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কংগ্রেসের মাধ্যমে কৃষক, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পায়। এতে মাঠ পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা সরাসরি উঠে আসে, যা নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষাণী, উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।