শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকলেও এ দুই খাতে জোর দিয়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য তিন লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি হাতে নিয়েছে সরকার, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে ৫০ শতাংশ বেশি।
এর মধ্যে শিক্ষা খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৮৬ শতাংশ এবং স্বাস্থ্যে তৃতীয় সর্বোচ্চ ১১ দশমিক ৮৪ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ বরাদ্দ অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
সভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে ৩ লক্ষ কোটি টাকা।
“এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে এক লাখ ৯০ হাজার কোটি টাকা হবে এবং প্রকল্প ঋণ অনুদান ১ লাখ ১০ হাজার কোটি টাকা।”
চলতি অর্থবছরের সংশোধিত এডিপির ৫০ শতাংশ বৃদ্ধির ব্যাখ্যায় মন্ত্রী বলেন, “চলমান অর্থবছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত।
“অর্থাৎ আমাদের এই যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনার যে প্রস্তাবটি দেওয়া হয়েছে, এটাতে আমরা ধরে নিয়েছি একটি নির্বাচিত সরকারের সক্ষমতা অনেক বেশি।”
বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর উন্নয়ন প্রকল্পে ধীরগতি দেখা যায়; অনেক প্রকল্পের ঠিকাদার এবং প্রকল্প পরিচালককে না পাওয়ারও ঘটনা ঘটে।
এ পরিস্থিতিতে চলতি অর্থবছরের বাজেটে প্রকল্প কাটছাঁট করে ধীরে চলা নীতি বেছে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সংশোধিত এডিপির আকার নির্ধারণে তা আরেক দফা কাটছাঁট হয়।
অন্তর্বর্তীকালীন সরকার গতবছর জুনে যে বাজেট দিয়েছিল, তাতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি নির্ধারণ করা হয়েছিল। জানুয়ারিতে এসে কাটছাঁটের পর সংশোধিত এডিপির আকার দাঁড়াল ২ লাখ কোটি টাকায়।