কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (২৭ মে) সকাল ১১টায় তিনি হাসপাতালে এসে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা ও হাসপাতালের ব্যবস্থাপনা বিষয়ে খোঁজ নেন। এ সময় রোগীদের কাছ থেকেও সেবার মান সম্পর্কে মতামত গ্রহণ করেন।
মন্ত্রীকে স্বাগত জানান কিশোরগঞ্জ সদর (হোসেনপুর)-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা সন্তোষজনক। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি হাসপাতালটির বর্তমান ৫০ শয্যাকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস দেন। পাশাপাশি চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান।
মন্ত্রীের এ সফরকে ঘিরে হাসপাতাল এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের আশা, শয্যা সংখ্যা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে হোসেনপুরবাসী আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।