অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের তাড়াইলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে তাড়াইল পুরাতন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে তাড়াইল-সাচাইল ইউনিয়নের ৩৩৫ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার আরও ছয়টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝেও সহায়তা বিতরণ করা হবে।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাসিফুর রহমান নাদিম, তাড়াইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মুকুলসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, “বর্তমান সরকার সবসময় কৃষকের পাশে রয়েছে। হাওরাঞ্চলের কোনো কৃষক যেন দুর্ভোগে না থাকে, সে লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা বিতরণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে চাল ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। সরকারের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় কৃষকরা সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এ ধরনের সহায়তা অনেকটা স্বস্তি এনে দিয়েছে।