দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদরসহ গ্রামাঞ্চলের রাস্তাঘাট এখন অবৈধ যানবাহনের দখলে। ফলে সড়ক দুর্ঘটনার পাশাপাশি সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। স্থানীয়ভাবে এসব যানবাহনকে টমটম, নসিমন, করিমন, ভটভটি, পিকাপ ইত্যাদি নামে ডাকা হয়। স্বল্প পুঁিজ ও দেশীয় প্রযুক্তি দিয়ে গড়া এ যানগুলো স্বল্প আয়ের মানুষ যাতায়াত ও মালামাল আনা-নেওয়ার কাজে ব্যবহার করেন। রিকসা ভাড়া যেখানে ৪০ থেকে ৫০ টাকা সেখানে ওই যানগুলোর ভাড়া ২০ থেকে ২৫ টাকা। গ্রামের মানুষ বিশেষ অনুষ্ঠানগুলোতে ওই যানগুলো চুক্তি অনুযায়ী ভাড়া দিয়ে থাকেন। এছাড়া বিয়ে, ঈদ, পুঁজা ও নির্বাচনের সময় ভাড়ার চুক্তি করে মানুষজন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। ভ্যানগাড়ির আদলে গড়া এসব যানবাহনে চালক-যাত্রী কারও জীবনের নিরাপত্তা নেই। এ নিয়ে নিকলীতে একটি প্রবাদ বাক্য আছে “টমটম ভাড়া কম মানুষ মারার জম”।
নিকলী-কিশোরগঞ্জ সড়ক ব্যবহার করে এসব যানবাহন সরারচর, বাজিতপুর, পুড্ডা, করগাঁও, গচিহাটা, মানিকখালী, কটিয়াদী ও পুলেরঘাট সহ গ্রামের ভিতর পর্যন্ত চলাচল করে। নিকলীতে পাঁচশতাধিক যাত্রীবাহী টমটম, নসিমন, করিমন ও অর্ধশত পিকআপ এবং অর্ধশত সিএনজি রয়েছে। এগুলোর নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই। টি. এন্ড. টি অফিসের সামনে, শহীদ স্মরণীকা উচ্চ বালিকা বিদ্যালয় মোড়,কলেজ মোড়, হাসপাতালের সামনে, চার রাস্তার মোড়, পুড্ডা বাজার রাস্তা ও করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, এসব যানবাহনের কোনোটিরই ফিটনেসের কাগজপত্র নেই, নেই রুট পারমিট। যে কেউ চালক হিসেবে বসে পড়লেই হলো, বৈধ কোনো লাইসেন্সও লাগে না। বিভিন্ন সময় এসব যান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলেও রাজনৈতিক চাপের মুখোমুখি হয়ে হাল ছেড়ে দেন প্রশাসন। এসব অবৈধ যানবাহন মারাত্মক শব্দ দুষণ সৃষ্টি করছে।
নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আস আদ দীন মাহমুদ আসাদ জানান, মানুষ দীর্ঘদিন শব্দ দুষণের মধ্যে অবস্থান করলে তার স্নায়ুবৈকল্য দেখা দিতে পারে। কয়েকজন পথচারী জানান, এসব যান অতিক্রমের সময় তারা অন্য যানবাহনের হর্ণ শুনতে পাননা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, এসব যান বাহনের কোনো সরকারী অনুমোদন নেই।যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে। এ ব্যাপারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব অবৈধ যান বাহন বন্ধ করা বিষয়ে আলোচনা করবো। এগুলো বন্ধের ব্যাপারে জেলা প্রশাসকের দিক নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে।নাম প্রকাশে অনিচ্ছুক ইউএনও অফিসের এক কর্মকর্তা জানান, একটি রিকশা চালাতে ইউনিয়ন পরিষদ থেকে লাইসেন্স করতে হয়।

কিন্তু এগুলোর কোনো অনুমোদন নেই রাজনৈতিক নেতাদের তদবিরের কারণে, এসবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় না। এগুলোর বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিআরটিএ অফিসে যোগাযোগ করা হলে সেখান থেকে বলা হয় এ ধরনের যানবাহনের অনুমোদন তারা দেন না।নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ভূইয়া ইত্তেফাককে জানান, এসব অবৈধ যানবাহন বন্ধে জরুরি ভাবে ব্যবস্থা নেওয়া হবে। গত দুই বছরে নিকলীতে দু” শতাধিক সড়ক দূর্ঘটনায় ছয় জন নিহত সহ দু” শতাধিক যাত্রী আহত হয়েছে।