মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে দুই ঘন্টা আটকা পড়ে। শনিবার রাত ১০টায় কালনি এক্সপ্রেস ট্রেনটি শমশেরনগর আসার পর ইঞ্জিনের ত্রুটির কারণে রাত ১২টা পর্যন্ত আটকা পড়ায় তীব্র শীতে দূর্ভোগে পড়েন ট্রেন যাত্রীরা।
শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনি এক্সপ্রেস ট্রেন পথিমধ্যে বিলম্বের কারণে রাত পৌণে ৯টার বদলে রাত ১০টায় শমশেরনগর স্টেশনে এসে পৌছে। পরে ইঞ্জিনে ত্রুটির কারণে দুই ঘন্টা আটকা পড়ে ট্রেনটি। খবর পেয়ে সিলেট রেলওয়ে স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে রাত ১২টায় কালনি এক্সপ্রেস ট্রেনটিকে সিলেট নিয়ে যাওয়া হয়।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘ সিলেট থেকে রাতে বিকল্প ইঞ্জিন আসা পর্যন্ত শীতের কারণে এ ট্রেনের কুলাউড়া, মাইজগাঁও ও সিলেট স্টেশনের যাত্রীরা দুর্ভোগে পড়েছিলেন। রাত ২টার মধ্যে সিলেট পৌছলে রোববার সকালে আবার যথারীতি সময়মত কালনি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ’