গত তিন দিনের শৈত্য প্রবাহে সিরাজগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সকাল থেকে ঘন কুয়াশা আর শীতের তীব্রতা বেড়েছে। শুক্রবার থেকে সূর্যের আলো দেখা মেলেনি। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে চার পাশ। শহরের চাইতে গ্রামাঞ্চলে ঠান্ডার পরিমান আরো বেশি।
হাসপাতাল গুলোতে বেড়েছে শীত জনিত রোগে আক্রান্ত মানুষের ভিড়। সব চেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিশু, ছিন্নমূল ও শ্রমজীবি মানুষ। আগুন জ্বেলে ঠান্ডা নিবারনের চেষ্টা করছেন অনেকে। শীত থেকে রক্ষা পেতে মানুষ ছুটছে গরম কাপড়ের সন্ধ্যানে। ফলে চাহিদা বেড়েছে গরম কাপড়ের। ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপনী বিতান গুলোতে বেড়েছে ক্রেতাদের ভীড়।
কুয়াশার জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও অঞ্চলিক সড়ক দিয়ে সকালে হেটলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
এদিকে, জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে।