নিখোঁজের দুই দিন পর সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে আশরাফুল ইসলাম নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুৃলিশ।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আশরাফুল ইসলাম নরিনা ইউনিয়নের হানিফনগর গ্রামের আজাদ আলীর ছেলে ও স্থানীয় আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ টেকনিকেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, কলেজ ছাত্র আশরাফুল ইসলাম গত দুই দিন ধরে নিখোঁজ ছিলো। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বেলা ১১টার দিকে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের একটি ক্ষেতের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, ঘটনাস্থলে নেশাদ্রব্য ড্যান্ডি, পলিথিন ও জিআই তার পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।