কিশোরগঞ্জে দুই চিকিৎসকসহ চার জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে রোববার (১২ এপ্রিল) ৫০ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে চার জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।
এই চারজনের মধ্যে করিমগঞ্জ উপজেলার দুইজন চিকিৎসক, পাকুন্দিয়া উপজেলার একজন ও ভৈরব উপজেলার একজন রয়েছেন। সিভিল সার্জন আরো জানান, রোববার (১২ এপ্রিল) পর্যন্ত কিশোরগঞ্জ জেলা থেকে মোট ১৭৯ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ১৫ জনের করোনা পজেটিভ এবং বাকি ১৬৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
সর্বশেষ সোমবার (১৩ এপ্রিল) করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসকের কোভিড-১৯ পজেটিভ এসেছে। নতুন করোনা শনাক্ত হওয়া বাকি দুইজনের মধ্যে পাকুন্দিয়া উপজেলায় কোভিড-১৯ পজেটিভ আসা ব্যক্তি আগে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির শ্বশুর। পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী চরপাড়া এলাকার আলম নামের ওই ব্যক্তি এর আগে কোভিড-১৯ পজেটিভ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ভৈরব উপজেলায় নতুন করে করোনা শনাক্ত হওয়া ব্যক্তি একজন ওষুধ ব্যবসায়ী।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, সোমবার (১৩ এপ্রিল) নতুন করে ২৭ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে।