কিশোরগঞ্জে ইমরান (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর অভিযুক্ত আবু কালামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে, হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সকালে কিশোরগঞ্জ বিশ্বরোডের নতুন জেলখানা মোড় এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী ও নিহতের স্বজনেরা। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত আবু কালাম ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে ‘ইমরান হত্যার আসামিদের ফাঁসি চাই’ স্লোগানও দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) রাতে প্যাড়াভাঙ্গা এলাকায় পাওনা ২ হাজার ৪০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে ইমরানের সঙ্গে আবু কালামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরানকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইমরান মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মঙ্গলবার সকাল ৯টার দিকে নিহত ইমরানের স্বজন ও এলাকাবাসী জেলখানা মোড় এলাকায় মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তাঁরা কোনো ধরনের বিশৃঙ্খলা না করে বাড়ি ফিরে যান। এর প্রায় আধাঘণ্টা পর অভিযুক্ত আবু কালামের বাড়িতে অগ্নিসংযোগের খবর পায় পুলিশ।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।