‘পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার ৩৩ নম্বর দক্ষিণ মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি, বেলুন ও ফেস্টুন উড্ডয়ন, হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। এতে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে দৈনন্দিন জীবনে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রামক রোগের বিস্তার রোধ এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার বিকল্প নেই।
বিশেষ করে শিশুদের মধ্যে হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। শৈশব থেকেই এ অভ্যাস গড়ে তুলতে পারলে বিভিন্ন রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করা সম্ভব হবে বলে বক্তারা উল্লেখ করেন।
বিশ্ব হাত ধোয়া দিবসের এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।