কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ থেকে সাম্প্রতিক করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমে সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
আজ (৪ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা প্রশাসক বাসভবন চত্তরে চেক গ্রহণ করেন জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক সভাপতি আসাদুল্লাহ’সহ কুলিয়ারচর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।
চেক গ্রহণকালে জেলা প্রশাসক কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন এই টাকা আজকের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব বরাবর পাঠিয়ে দেয়া হবে। এছাড়াও সম্মানিত জেলা প্রশাসক জানান, “মাননীয় প্রধানমন্ত্রী এ জেলার ২৭৮টি কওমী মাদ্রাসায় ২৯ লক্ষ ৫ হাজার টাকা প্রদান করেছেন যা আজকের মধ্যেই বিতরণ করা হবে। এছাড়াও এ জেলায় করোনা রোগীদের সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রী ২৫ লক্ষ টাকা প্রদান করেছেন যা এই সপ্তাহের মধ্যেই বিতরণ শুরু হবে।
এক্ষেত্রে যে সকল রোগী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হবে। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।