করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা যখন হাজার ছুঁই ছুঁই করছে, তখন সংক্রমণের কঠিন এই সময়ে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার বংশ বিস্তারের প্রকোপ দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় কিশোরগঞ্জ জেলায় ‘ডেঙ্গু রোধে কিশোরগঞ্জ’ নামে একটি স্বেচ্ছাশ্রম ভিত্তিক সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে আয়োজকরা সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের হারুয়াস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে সচেতনতামূলক প্রচারণার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
মো. শহীদুল হক লাভলু এর সভাপতিত্বে ‘ডেঙ্গু রোধে কিশোরগঞ্জ’ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক বিষয় তুলে ধরেন ডেঙ্গু রোধ কার্যক্রমের উদ্যোক্তা লুৎফুল্লাহ হুসাইন পাভেল, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক বিভাগের প্রভাষক মাহমুদুর রহমান জনি, স্পন্সর প্রতিনিধি টপটেন এর সত্ত্বাধিকারী সমাজসেবক মো. সৈয়দ হোসেনসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে তারা জানান, কিশোরগঞ্জ পৌর এলাকায় এডিস মশার জন্মস্থল বিনাশ ও গণসচেতনতা তৈরির জন্য ২৫ হাজার লিফলেট বিতরণ করাসহ অভিযান পরিচালনা করা হবে এবং ৬টি ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটিয়ে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৮০-৯০ জন স্বেচ্ছাসেবী এই কর্মসূচিতে কাজ করবে।