জানা যায়, সিলেট থেকে কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদ দেখতে আসা তিন বন্ধুকে ‘অপহরণ করে মুক্তিপণ আদায়ের’ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল ডুবাইল এলাকার মোঃ এমদাদের পুত্র আনিসুল ইসলাম পাভেল, অষ্টগ্রাম উপজেলার কবিরখান্দা এলাকার মাজু মিয়ার পুত্র মোঃ নওয়াব মিয়া ও মৃত উস্তর মিয়ার পুত্র মোঃ সুমন মিয়া অপহরণে ‘জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন’ বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সিলেট থেকে কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদ দেখতে আসা তিন বন্ধুকে তারা অপহরণ করে এবং মারপীট করে মুক্তিপণ আদায় করে। আসামিদের নিকট থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণ নেয়া ৩০ হাজার টাকার মধ্যে নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এছাড়া ঘটনার সাথে জড়িত অন্যান্যদের নাম-ঠিকানাও প্রকাশ করেছে তারা। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।