২০১৮ সালের এপ্রিল মাসের এই দিনে মৃত্যু বরণ করেছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ রাজনীতির সুপুরুষ, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, তাবলীগ জামাতের মুরুব্বী আলহাজ্ব মো. আব্দুল করিম।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) তাঁর তৃতীয় মৃত্যু বার্ষিকী। তিন বছর আগে আজকেই এই দিনে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর বড় ছেলে রেজাউল করিম শিপন কিশোরগঞ্জের একজন সুপরিচিত অনলাইন এক্টিভিস্ট এবং ছোট ছেলে এনায়েত করিম অমি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
আলহাজ্ব মো. আব্দুল করিম কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের দুর্দিনের অন্যতম কাণ্ডারি আলহাজ্ব মো. আব্দুল করিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তাঁর ‘হোটেল নিরালা’ ছিল কিশোরগঞ্জের অনেক রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের সূতিকাগার।