কিশোরগঞ্জের তাড়াইলে প্রায় দুই টন ওজনের অষ্ট্রেলিয়ান ফিজিয়াম জাতের ষাড় তাড়াইলের রাজা নামে খ্যাতি অর্জন করেছে। জানা গেছে, উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের ইছব আলীর ছেলে খামারী আনোয়ার হোসেন বাদলের নিজের পালিত গাভীর জন্ম দেয়া বাছুরের বয়স ২৯ মাস। এই বয়সেই রাজার ওজন এক হাজার ৬শত কেজির উপড়ে।
গত ৫ জুন উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন ভাষ্কর্য-৭১ এর খোলা মাঠে প্রাণিসম্পদ অফিস কর্তৃক মেলাতে খামারী বাদলের ওই ষাড়টি তাড়াইলের রাজা নামে সকলের নিকট পরিচিতি লাভ করে এবং মেলাতে প্রথম স্থান অধিকার করে এই রাজা।
.
খামারী বাদল জানান, প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত রাজার পরিচর্যায় ব্যস্ত থাকেন তিনি এবং বর্তমানে বাদলের রাজত্ব রাজাকে ঘিরেই। তাছাড়া নিজের স্ত্রী এবং একজন বেতনভূক্ত রাখাল দেখভাল করেন রাজাসহ তার খামারে থাকা আরও ৬টি বিভিন্ন জাতের গাভীর। রাজার খাদ্য তালিকায় আছে, বিভিন্ন প্রকারের ফল, খড়, ভূসি, ভাত ইত্যাদি।
প্রতিদিন শুধুমাত্র রাজার জন্য ৫শ’ টাকার খাদ্য কিনে দেন খামারী বাদল। তিনি আরও জানান, তার খামারের ২টি গাভী প্রতিদিন ৪০কেজি দুধ দেয়। মেলার পর থেকেই দূর-দূরান্ত থেকে অনেক লোকজন প্রতিদিন রাজাকে দেখতে আসে তার খামারে।
বাদল জানান, ৬ফুট উচ্চতা এবং লম্বায় প্রায় ১০ফুট রাজার বর্তমান বাজার মূল্য ২০থেকে ২৫লাখ টাকা হবে। আসছে ঈদ-উল-আযহায় রাজাকে বিক্রির ইচ্ছে আছে বাদলের।